ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাঙালি বাড়িতে দীপিকা পাড়ুকোনের বোনের বিয়ে!

ads

বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের পরিবারে এখন বিয়ের আনন্দঘন প্রস্তুতি। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তার সবচেয়ে আদরের ছোট বোন অনিশা পাড়ুকোন। ডিসেম্বরেই হতে পারে এই বহু প্রতীক্ষিত বিয়ের আসর। দুবাই-নিবাসী ব্যবসায়ী পরিবার থেকে বর আসছেন। পরিবারের সদস্যদের সঙ্গে রণবীর সিংহের বাবা-মায়েরও রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব। তাই পাড়ুকোন পরিবারে এখন উৎসবের আমেজ।


অনিশা যদিও সবসময়ই গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থেকেছেন। মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা শেষ করে হার্ভার্ড থেকে ব্যবস্থাপনার ডিগ্রি নিয়েছেন তিনি। বর্তমানে দিদি দীপিকার মানসিক স্বাস্থ্য-কেন্দ্রিক সংস্থা ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার তিনি; সংস্থার উন্নয়ন, তহবিল সংগ্রহ ও প্রচারের দায়িত্ব সামলান দক্ষতার সঙ্গেই।


বর পক্ষের দিকটাও কম তারকাময় নয়। অনিশার হবু স্বামী রোহন আচার্য ছোটবেলা থেকেই দুবাইয়ে বড় হয়েছেন। কিংসটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক রোহন এখন পরিবারের ব্যবসা সামলান। যদিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন, কিন্তু বলিউডের বেশ কয়েকজন বড় তারকা তাকে অনুসরণ করেন। তার বায়োতেও লেখা ‘গ্লোবাল সিটিজেন’।রোহনের পরিবার বাঙালি চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। তার মা চিমু আচার্য হলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও লেখিকা রিঙ্কি ভট্টাচার্যের মেয়ে। রিঙ্কি আবার কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বিমল রায়ের কন্যা। ফলে অনিশার বিয়েতে যুক্ত হচ্ছে বাঙালি চলচ্চিত্র পরিবারের বিশেষ যোগ।


এ ছাড়া আছে বলিউডের দেওল পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক। রোহনের বোন দিশা আচার্যের বিয়ে হয়েছে অভিনেতা সানি দেওলের ছেলে কর্ণবীর দেওলের সঙ্গে। ফলে বিয়ের পর কর্ণবীর হতে চলেছেন অনিশার নন্দাই। এই সমস্ত পারিবারিক সংযোগে অনিশার বিয়ে রীতিমতো সেলিব্রিটি মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।


যদিও পাড়ুকোন পরিবার এখনো বিয়ের দিনক্ষণ প্রকাশ করেনি, কিন্তু বলিউড মহলে জোর গুঞ্জন, খুব শিগগিরই বাজবে বিয়ের সানাই। পরিবারের ব্যস্ততা, আনন্দ, প্রস্তুতি-সব মিলিয়ে দীপিকা পাড়ুকোনের ঘর এখন উৎসবের আমেজে ভরপুর।


ads
ads
ads

Our Facebook Page